সিরাতুন্নবীEnglish

সীরাত পরিচিতিস্তর ১ · পাঠ ১/৪

সীরাতের আলো: নবী ﷺ কে জানার অপরিহার্যতা

সীরাতের আলো: নবী ﷺ কে জানার অপরিহার্যতা

পার্থিব জীবনে একজন মানুষ তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সর্বোপরি নিজ প্রাণের চেয়েও অন্য কাউকে বেশি ভালোবাসবে এমন দৃষ্টান্ত বিরল। কিন্তু মুসলিম উম্মাহর জন্য এই ভালোবাসা কোনো কাল্পনিক উপকথা নয়, বরং ঈমানের এক সুগভীর বাস্তবতা। এটি সেই ভালোবাসা যা প্রিয় নাবী মুহাম্মাদ (ﷺ) এর প্রতি একজন মু'মিনের অন্তরে প্রোথিত থাকে। এই ভালোবাসা কোনো দিন-তারিখ বা মাসকে ঘিরে নয়; বরং এটি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য। যখন কোনো মুসলিমকে প্রশ্ন করা হয়, এই সৃষ্টিজগতের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন দ্বিধাহীন চিত্তে উত্তর আসে, আল্লাহর রাসূল (ﷺ) কে।

কিন্তু এখানেই এক গভীর বৈপরীত্য লক্ষ্য করা যায়। এই প্রাণাধিক প্রিয় মানুষটির জীবনের বিস্তারিত জ্ঞান বা সীরাত সম্পর্কে অনেকেরই তেমন কোনো ধারণা নেই। অথচ তাঁর জীবনকে না জেনে তাঁর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা অর্জন করা অসম্ভব। সীরাত হলো আমাদের জীবনের এক আলোকবর্তিকা বা 'উসওয়ায়ে হাসানা', যা পার্থিব ও পারলৌকিক সফলতার একমাত্র পথ।

শাহাদা, অর্থাৎ ইসলামের সাক্ষ্য, দুইটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: প্রথমটি হলো আল্লাহর একত্ববাদ ঘোষণা করা ("লা ইলাহা ইল্লাল্লাহ") এবং দ্বিতীয়টি হলো মুহাম্মাদ (ﷺ) কে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করা ("মুহাম্মাদুর রাসুলুল্লাহ")। প্রথম অংশটি তাওহীদের মূলনীতিকে প্রতিষ্ঠিত করে, আর দ্বিতীয় অংশটি মুহাম্মাদ (ﷺ) কে জীবনের অবিসংবাদিত নেতা ও পথপ্রদর্শক হিসেবে মেনে নেওয়ার দাবি করে। এই স্বীকৃতি নিছক একটি মৌখিক প্রতিজ্ঞা নয়, বরং এটি তাঁর জীবন, শিক্ষা ও আদর্শকে পূর্ণরূপে অধ্যয়ন ও অনুসরণের এক সুদৃঢ় অঙ্গীকার।

এই অঙ্গীকারের প্রতিধ্বনি আমরা পবিত্র কুরআনে খুঁজে পাই, যেখানে আল্লাহ তা'আলা ঘোষণা করেন, এই ঐশী ঘোষণা সীরাত অধ্যয়নকে একজন মু'মিনের জন্য একটি ঐচ্ছিক বিষয় থেকে একটি আবশ্যিক ধর্মীয় প্রয়োজনে পরিণত করে।

সীরাত অধ্যয়নের আরেকটি মৌলিক কারণ হলো এটি জীবনের প্রতিটি আমলকে যাচাই করার নিখুঁত মানদণ্ড হিসেবে কাজ করে। প্রখ্যাত ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা (রহ.) এর বক্তব্য থেকে জানা যায়, রাসূল (ﷺ)-এর সীরাতই হলো ইসলামের সকল বিষয়ের সত্যতা যাচাইয়ের অন্যতম মাপকাঠি। অর্থাৎ, কোনো আমল যদি তাঁর জীবনধারা, স্বভাব ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবেই তা ইসলামে সঠিক বলে বিবেচিত হয়; অন্যথায় তা অশুদ্ধ ও বর্জনীয়। এই গভীর জ্ঞান একজন মুসলিমকে এমন এক পথের সন্ধান দেয়, যা সত্য ও মিথ্যাকে সুস্পষ্টভাবে আলাদা করতে সাহায্য করে।

রাসূল (ﷺ) এর জীবনকে পবিত্র কুরআনের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে বিবেচনা করা হয়। আয়িশা (রা.) বলেছেন, "রাসূলুল্লাহ (ﷺ)-এর চরিত্র ছিল কুরআন"। এর অর্থ হলো, কুরআন ঐশী নির্দেশাবলী হিসেবে যে বিধান দিয়েছে, রাসূল (ﷺ) তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। সীরাত পাঠের মাধ্যমে আমরা জানতে পারি, কীভাবে তিনি কুরআনের নীতিগুলো তাঁর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে প্রয়োগ করেছেন। এটি কুরআনের আয়াতগুলোকে জীবন্ত করে তোলে এবং এর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করাকে সহজ করে দেয়। উদাহরণস্বরূপ, সূরা কাউসারের মতো একটি ছোট সূরাকেও সম্পূর্ণরূপে বুঝতে হলে তার প্রেক্ষাপট জানা প্রয়োজন। সীরাত পাঠের মাধ্যমে আমরা জানতে পারি, এই সূরাটি রাসূলের (ﷺ) বিরুদ্ধে তার শত্রুদের কটূক্তির জবাবে অবতীর্ণ হয়েছিল, যা এই সূরার গভীরতাকে আরও বাড়িয়ে তোলে।

সীরাত কেবল একজন ব্যক্তির জীবনী নয়, বরং এটি মুসলিম জাতির গৌরবময় ইতিহাস এবং ইসলামী সভ্যতার বিজয়ের দলিল। ইসলামের প্রাথমিক যুগের প্রখ্যাত ব্যক্তিত্বগণ এই ইতিহাসের গুরুত্ব অনুধাবন করেছিলেন। মুহাম্মাদ ইবনে সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বলেন, "সীরাত অধ্যয়ন করার সময় আমাদের বাবা-মা আমাদেরকে বিভিন্ন যুদ্ধের ঘটনাগুলো শোনাতেন এবং বলতেন—এগুলো তোমাদের বাপ-দাদাদের ঐতিহ্য, কাজেই এগুলো নিয়ে পড়াশোনা করো"। একইভাবে, আলী বিন হুসাইন (রা.) বর্ণনা করেন, "আমাদেরকে যেভাবে গুরুত্ব দিয়ে কোরআন শেখানো হতো, ঠিক সেভাবেই রাসূলের সীরাত শেখানো হতো"। এই উক্তিগুলো থেকে বোঝা যায়, সীরাতকে ঠিক কতটা মর্যাদা ও গুরুত্ব দেওয়া হতো এবং এটিকে মুসলিম পরিচয়ের মূল ভিত্তি হিসেবে গণ্য করা হতো।

সাহাবায়ে কিরামগণ রাসূল (ﷺ) কে এতটাই ভালোবাসতেন যে, তাঁর প্রতিটি কাজ, কথা ও আচরণ তারা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন এবং স্মরণ রাখতেন। তাদের এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তিগত আবেগ ছিল না, বরং এটি ছিল একটি সচেতন প্রচেষ্টা, যাতে রাসূল (ﷺ) এর জীবনের প্রতিটি মুহূর্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে। উরওয়া ইবনে মাসউদ (রা.) এর মতো একজন অমুসলিমও রাসূলের (ﷺ) প্রতি সাহাবীদের গভীর ভালোবাসার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি বলেন, "আল্লাহর শপথ! আমি কোনো বাদশাহকে তার সঙ্গীদের কাছ থেকে কাছ থেকে এতটা মর্যাদা লাভ করতে দেখিনি, যতটা সম্মান ও মর্যাদা মুহাম্মাদ (ﷺ)-কে লাভ করতে দেখেছি"। তিনি আরও বলেন যে, রাসূল (ﷺ) ওযু করলে তাঁর সাহাবীরা ওযুর পানি নিতে হুড়োহুড়ি করতেন এবং তাঁর কথা বলার সময় সম্মানের কারণে তাদের কণ্ঠস্বর নিচু রাখতেন।

সীরাত নিছক একটি জীবনী নয়; এটি একটি কার্যকর বিপ্লবী আন্দোলন ও সমাজ গঠনের এক সুবিন্যস্ত কর্মপদ্ধতি। এটি দেখায় যে, আল্লাহর দ্বীনকে কীভাবে জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হয় এবং সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে কীভাবে তা বাস্তবায়ন করতে হয়। সীরাত অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে রাসূল (ﷺ) এবং তাঁর সাহাবাগণকে কী কী বাস্তবতার সম্মুখীন হতে হয়েছিল এবং কোন পদ্ধতি অনুসরণ করে তাঁরা বিজয় লাভ করেছিলেন।

হাদীসের এক মর্মস্পর্শী বর্ণনায় রাসূল (ﷺ) বলেছেন, "তোমাদের মধ্যে কেউ প্রকৃত মু'মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও অন্য সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই"। একজন অচেনা মানুষের প্রতি গভীর ভালোবাসা জন্ম নেওয়া অসম্ভব। তাই রাসূল (ﷺ) কে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে, তাঁর সম্পর্কে জানতে হবে এবং এক্ষেত্রে সীরাত পাঠের কোনো বিকল্প নেই।

রাসূল (ﷺ) এর প্রতি সাহাবীদের ভালোবাসা ছিল এই হাদীসের এক জীবন্ত উদাহরণ। তাঁরা ছিলেন নিখাদ ও প্রকৃত ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। হুদাইবিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ (রা.) এর পর্যবেক্ষণ এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেখেছিলেন কীভাবে সাহাবায়ে কিরামরা রাসূলের (ﷺ) প্রতিটি নির্দেশ পালনে ব্যস্ত হয়ে পড়তেন এবং তাঁর পবিত্র ওযুর পানি নিতে হুড়োহুড়ি করতেন। এই গভীর ভালোবাসা ও সম্মান ছিল তাঁদের ঈমানেরই বহিঃপ্রকাশ।

ওহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে পড়েছিল, তখন তালহা ইবন উবায়দুল্লাহ (রা.) নিজের দেহকে ঢাল বানিয়ে রাসূল (ﷺ) কে রক্ষা করেন। তাঁর শরীরে আশিটিরও বেশি তীর ও তরবারির আঘাত লেগেছিল। এই ঘটনা প্রমাণ করে যে, সাহাবায়ে কিরামরা নিজেদের জীবন, সম্পদ, এমনকি আপনজনের চেয়েও রাসূল (ﷺ) কে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা নিছক আবেগ ছিল না; এটি ছিল এমন একটি আধ্যাত্মিক শক্তি যা তাঁদেরকে সর্বোচ্চ আত্মত্যাগে উদ্বুদ্ধ করত।

এই সাহাবীদের দৃষ্টান্ত থেকে আমরা উপলব্ধি করতে পারি যে, সীরাত অধ্যয়ন কেবল তথ্যের ভাণ্ডার বাড়ায় না, বরং এটি অন্তরে রাসূল (ﷺ) এর প্রতি এমন এক ভালোবাসা সৃষ্টি করে যা ঈমানের প্রাণ হিসেবে কাজ করে। যত বেশি আমরা তাঁর দয়া, ক্ষমা, প্রজ্ঞা ও ত্যাগের গল্প পড়ব, ততই এই ভালোবাসা গভীর থেকে গভীরতর হবে এবং এটি আমাদের আনুগত্য ও অনুকরণের মূল চালিকাশক্তি হয়ে উঠবে।

আল্লাহ তা'আলা তাঁর প্রিয় নাবী (ﷺ) সম্পর্কে পবিত্র কুরআনে সাক্ষ্য দিয়ে বলেন,"এবং নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত)”। এটি কোনো সাধারণ প্রশংসা নয়, বরং স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এক সর্বোচ্চ সম্মান। এই মহৎ চরিত্রই ছিল সীরাতের মূল বিষয়বস্তু, যা মানবজাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। রাসূল (ﷺ) ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি, যা তাঁর শত্রুদের সঙ্গেও উত্তম ব্যবহারের মধ্য দিয়ে প্রকাশ পেত।

ইমাম ইবনে হাজার আসকালানী (রহ.) বলেছেন, "কেউ যদি আখিরাতের জীবনে উচ্চ মর্যাদার অধিকারী হতে চায়, দুনিয়াবী জীবনে প্রজ্ঞা হাসিল করতে চায়, জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে চায়, নিজের মাঝে নৈতিকতা ও উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ দেখতে চায়, তবে সে যেন রাসূলের পথ অনুসরণ করে"। এই উক্তি প্রমাণ করে যে, সীরাত পাঠ একটি আধ্যাত্মিক বা তাত্ত্বিক বিষয় নয়; এটি প্রজ্ঞা, নৈতিকতা ও জীবনের উদ্দেশ্য বোঝার এক কার্যকর মাধ্যম, যা সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক।

সীরাত শুধুমাত্র রাসূল (ﷺ) এর ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি নয়, বরং এটি একজন সফল রাষ্ট্রনায়ক ও সমাজ সংস্কারকের কর্মপন্থাও বটে। নবুওয়াত প্রাপ্তির তেরো বছরের মধ্যে রাসূল (ﷺ) একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছিলেন। এই রাষ্ট্র গঠন করা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। সীরাত আমাদেরকে সেই পথ ও পদ্ধতির সন্ধান দেয় যা অনুসরণ করে এই দায়িত্ব পালন করা সম্ভব।

আজকের মুসলিম তরুণদের মাঝে আত্মপরিচয়ের সংকট তীব্রতর হয়েছে। তারা তাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়েছে এবং পাশ্চাত্য সংস্কৃতি ও জীবনধারার অন্ধ অনুকরণে অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে তাদের কাছে অনুসরণ করার মতো কোনো আদর্শ নেই। তারা নামকরা খেলোয়াড় বা বিনোদন তারকাদের জীবনধারা অনুসরণ করে, কিন্তু ইসলামের মহান চরিত্র ও বীরদের সম্পর্কে প্রায়শই অজ্ঞ থাকে। এই সংকট তাদের নৈতিকতা, বিশ্বাস এবং আত্মমর্যাদাবোধকে ধ্বংস করে দিচ্ছে।

সীরাত এই সংকটের এক শক্তিশালী সমাধান। এটি মুসলিম তরুণদেরকে এক গৌরবময় ইতিহাস এবং এমন একদল আদর্শ চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যারা ছিলেন সত্য, সাহস ও আত্মত্যাগের মূর্ত প্রতীক। এটি তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে এবং বুঝিয়ে দেয় যে, পৃথিবীর সব বড় পরিবর্তন ও বিপ্লব যুবকদের হাতেই হয়েছে।

রাসূল (ﷺ) নিজেও যুবকদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি তাঁর স্নেহ ও ভালোবাসা দিয়ে তরুণ সাহাবীদেরকে গড়ে তুলেছিলেন, যেমন ইবনে আব্বাস (রা.) এবং মু'আজ (রা.)। তিনি তাদেরকে আল্লাহর পথে দৃঢ় থাকতে উৎসাহিত করতেন এবং তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকশিত করতেন। এই তরুণরাই পরবর্তীতে বিশ্বব্যাপী ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন। সীরাত এই বার্তা দেয় যে, আত্মপরিচয় কোনো বাহ্যিক অনুকরণে নয়, বরং তা আল্লাহর প্রতি বিশ্বাস, নাবী (ﷺ) এর আদর্শ অনুসরণ এবং মুসলিম উম্মাহর ইতিহাসে দৃঢ়ভাবে মূল প্রোথিত করার মাধ্যমেই অর্জন করা সম্ভব।

সীরাতের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক নতুন পথের সন্ধান দেয়: মক্কার গোপন দাওয়াত থেকে আমরা ধৈর্যের শিক্ষা পাই; বিলালের (রা.) অবিচলতা থেকে আমরা ঈমানের দৃঢ়তা শিখি; হুদায়বিয়ার সন্ধি থেকে আমরা প্রজ্ঞা ও দূরদর্শিতা উপলব্ধি করি; এবং মদিনার সনদ থেকে আমরা ন্যায় ও সহনশীলতার উপর প্রতিষ্ঠিত এক আদর্শ রাষ্ট্রব্যবস্থার দর্শন পাই। এটি নিছক অতীতের ঘটনা নয়, বরং এটি বর্তমানের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় এক জীবন্ত ও প্রাসঙ্গিক পথনির্দেশ।

পরিশেষে, আমাদের প্রিয় নাবী (ﷺ) এর জন্ম ও মৃত্যুর এই মাসে, আসুন আমরা তাঁর সীরাতকে শুধুমাত্র একটি প্রবন্ধের বিষয়বস্তু হিসেবে সীমাবদ্ধ না রেখে, এটিকে আমাদের হৃদয়ের কেন্দ্রে স্থাপন করি। তাঁর জীবনকে জানি, তাঁর পদাঙ্ক অনুসরণ করি এবং তাঁর আদর্শকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করি। এই পথই আমাদেরকে রাসূল (ﷺ) এর প্রতি ভালোবাসাকে একটি জীবন্ত, সচেতন ও ফলপ্রসূ ভালোবাসায় রূপান্তরিত করতে সাহায্য করবে, যা আমাদেরকে সাহাবায়ে কিরামদের মতো সাফল্য ও পূর্ণতার পথে পরিচালিত করবে। আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন, আমিন।

যাচাই করুন

  1. নবীজি ﷺ কোন শহরে জন্মগ্রহণ করেন?
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. মক্কা

    নবীজি ﷺ মক্কায় কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন।

  2. প্রথম ওহি কোথায় নাজিল হয়?
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. হেরা গুহা

    মক্কার জাবালুন নূর পাহাড়ের হেরা গুহায় প্রথম ওহি নাজিল হয়।

  3. হিজরত হয়েছিল কোন দুই শহরের মধ্যে?
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মক্কা থেকে মদিনা

    নবীজি ﷺ মক্কা থেকে মদিনায় হিজরত করেন; সেখান থেকেই হিজরি সন গণনা শুরু।

← সব লেখায় ফিরে যান